ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মাত্র ৯৬ ঘণ্টার মধ্যে ইরানের ওপর নজিরবিহীন হামলা চালাতে প্রস্তুত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ও পেন্টাগন যৌথভাবে ইরানের সামরিক স্থাপনা, জ্বালানি খাত ও পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বিশাল তালিকা তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই এই বড় ধরনের সামরিক অ্যাকশন শুরু হতে পারে।

আমেরিকান বা ইসরাইলি বাহিনীর আক্রমণ হলে তেহরান ও তাদের মিত্র হুথি বিদ্রোহীরা চুপ থাকবে না। মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, হামলা হলে মধ্যপ্রাচ্য ও এর বাইরের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও কর্মীদের ওপর তাৎক্ষণিক জোরালো পাল্টা আঘাত হানবে ইরান। এমন নিরাপত্তার ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দূতাবাস থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহের জলপথ ‘হরমুজ প্রণালি’ পরিদর্শন করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখার ওপর জোর দিয়েছেন তিনি। তবে তেলের বাজার স্বাভাবিক না হলে এবং কূটনৈতিক কোনো সমাধান না এলে চূড়ান্ত সামরিক পথেই হাঁটতে পারে ওয়াশিংটন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্রুত ইরানের ওপর হামলা চালানোর জন্য ট্রাম্প প্রশাসনকে চাপ দিয়ে আসছেন। তবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কথা বিবেচনা করে ট্রাম্প আপাতত ইসরাইলকে অপেক্ষা করতে বলেছেন। ইসরাইলের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমেরিকান সহায়তার প্রয়োজন থাকায়, নেতানিয়াহু আপাতত যৌথ সামরিক অভিযানের পরিকল্পনা মেনে নিয়ে নির্বাচনের পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করছেন।

সূত্র: সিএনএন

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh