পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ

পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি পূরণের লক্ষ্যে আগামী রোববার (১ নভেম্বর) থেকে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ঘোষণা দেন।

বৈঠক শেষে শ্রমমন্ত্রী জানান, শ্রমিক নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রোববার সকাল থেকেই মজুরি বোর্ড গঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, “ইনশাআল্লাহ, আগামী দু-এক দিনের মধ্যেই শ্রমিক ভাই-বোনেরা তাঁদের কাঙ্ক্ষিত দাবি পূরণের বিষয়ে সুসংবাদ পাবেন।”

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশের শিল্প খাতকে টিকিয়ে রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও যৌক্তিক দাবি-দাওয়া যেমন পূরণ করতে হবে, তেমনি দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে শিল্পকারখানাগুলোকেও সাবলীলভাবে টিকিয়ে রাখতে হবে। এ ক্ষেত্রে শ্রমিক ও শিল্পের স্বার্থের মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

বর্তমান সরকারের শ্রমিকবান্ধব পদক্ষেপগুলো তুলে ধরে আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে শ্রমিকদের পাওনা মজুরি নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে। এই মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের বেতন কাঠামোর দীর্ঘদিনের অসন্তোষ দূর করে একটি যুগোপযোগী ও গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh