নেসেটে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত নেতানিয়াহু বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী দলগুলো বর্তমান নেসেট স্পিকার লিকুদ পার্টির আমির ওহানাকে দ্রুত পদ থেকে সরানোর পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী মাসে নতুন নেসেটের শপথ গ্রহণের পরপরই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

বিরোধী ‘চেঞ্জ ব্লক’ (যেশার, বি’ইয়াহাদ, দ্য ডেমোক্রেটস এবং ইিসরায়েল বেইতেনু) এবং আরব নেতৃত্বাধীন দলগুলোর (জয়েন্ট লিস্ট ও রাম) হাতে ১২০টি নেসেট আসনের মধ্যে মোট ৬৭টি আসন রয়েছে। এর ফলে সহজেই স্পিকার ওহানাকে অপসারণের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের হাতে।

চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি জানিয়েছেন, ওহানাকে সরানোর বিষয়ে ইতিমধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে এবং নতুন স্পিকার হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ইয়ায়র লাপিডের নামও বিবেচনায় রয়েছে।

দ্য ডেমোক্রেটস দলের চেয়ারম্যান ইয়ায়র গোলান চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২৬তম নেসেটের শপথ নেওয়ার পর তাদের ‘প্রথম কাজ’ হবে একজন নতুন স্পিকার এবং নেসেট কমিটির প্রধানগণকে নিয়োগ দেওয়া। এরপর ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন গণহত্যার ঘটনায় একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন প্রতিষ্ঠা করা হবে। আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের শপথের দিনই স্পিকার পদের ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে।

কান নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, বিরোধী জোট দ্রুত ওহানাকে সরানোর পক্ষে থাকলেও ‘ইসরায়েল বেইতেনু’ দলের প্রধান আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সাথে সহযোগিতার বিষয়ে কিছুটা অনিচ্ছুক। স্পিকার বদল করতে হলে আরব দলগুলোর সমর্থন প্রয়োজন, যা লিবারম্যানের জন্য আপত্তিজনক। তবে লিবারম্যান ভোটদানে বিরত থাকলেও বিরোধী দলগুলোর সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে।

এদিকে লিবারম্যান শুক্রবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি আরব দলগুলোর সমর্থন নিয়ে কোনও জোটে যাবেন না। অপরদিকে ডেমোক্রেটস প্রধান ইয়ায়র গোলান বিশ্বাস করেন যে, আরব দলগুলোর বাইরে বা তাদের সমর্থনে একটি স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব, যা ইসরায়েলের গণতন্ত্র ও নিরাপত্তা রক্ষায় কাজ করবে। এছাড়া সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালনও আরব দল ‘রাম’-এর প্রধান মনসুর আব্বাসকে সরকারে মন্ত্রী করার পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রাপ্ত ফল অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোট পেয়েছে ৫৩টি আসন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের বিরোধী জোট পেয়েছে ৪৮টি। আরব জোট ও দল জয়েন্ট লিস্ট এবং রাআম পেয়েছে ১৯ আসন।

সূত্র : টাইমস অব ইসরায়েল

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh