হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় আর ফিরবে না: বাঘের গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ

আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুদ্ধ বন্ধের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরবে না। একই সঙ্গে সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের কাছে সাত দফা শর্ত দিয়েছে তেহরান।

স্পিকার গালিবাফ স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে কোনো ‘উন্মুক্ত জলরাশি’ বা আন্তর্জাতিক জলসীমা নেই এবং ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন এখানে প্রযোজ্য নয়। এই প্রণালির নিয়মগুলো শুধু এর তীরবর্তী দুই রাষ্ট্রের (ইরান ও ওমান) আইন দ্বারা পরিচালিত হবে। গুরুত্বপূর্ণ এই জলপথ দেখভালের বিষয়ে ওমান ও ইরান ইতোমধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে বলে জানান তিনি।

আট মাস ধরে চলা সংঘাত বন্ধের লক্ষ্যে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে একটি স্পষ্ট বার্তা ও সাতটি শর্ত পাঠিয়েছে তেহরান। গালিবাফ জানান, ‘বল এখন আমেরিকার কোর্টে’ এবং ইরান আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে।

ইরানের শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড় করা, সব ফ্রন্টে সংঘাত বন্ধ করা এবং যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া। গত জুনে ইসলামাবাদে হওয়া সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে এসব শর্ত বাস্তবায়ন জরুরি বলে উল্লেখ করেন তিনি।

চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থার চরম অভাবকে দায়ী করেন স্পিকার। তিনি জানান, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন।

নতুন করে হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও একটি পরাজয়ের মুখোমুখি হতে হবে। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের পক্ষ থেকেও তাঁকে বড় ধরনের রাজনৈতিক চাপে পড়তে হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh