সুকান্তের কবিতায় সাম্যচিন্তা: জাতীয় পর্যায়ে হবিগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগারের দুই পাঠকের সাফল্য

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘সুকান্তের কবিতায় সাম্যচিন্তা’ শীর্ষক রচনা লিখন কার্যক্রমের চূড়ান্ত মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর গ্রন্থভবনের জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপপরিচালক ফরিদ উদ্দিন সরকার।। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কবি ও সাংবাদিক শাহনাজ মুন্নী এবং কবি ও গবেষক ইমরান মাহফুজ।

অনুষ্ঠানে দেশের ২৬টি বেসরকারি গণগ্রন্থাগার থেকে নির্বাচিত ৩৩জন প্রতিযোগীরা চূড়ান্ত মূল্যায়ন পর্বে অংশগ্রহণ করেন।

গ্রামের গ্রন্থাগার থেকে জাতীয় মঞ্চে
চূড়ান্ত মূল্যায়ন পর্বে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এর দুই পাঠক জনি দাশ ও সজীব দাশ। এর মধ্যে জনি দাশ সেরাদের সেরা পাঁচে এবং সজীব দাশ উত্তম মানে উত্তীর্ণ হন। গ্রন্থাগারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস (রাজু)।

চূড়ান্ত মূল্যায়নে সফলভাবে উত্তীর্ণ হওয়ায় অতিথিদের কাছ থেকে জনি দাশ দুই হাজার টাকা মূল্যমানের বই, একহাজার টাকার প্রাইজ বন্ড ও সনদপত্র এবং সজীব দাশ এক হাজার টাকা মূল্যমানের বই, পাঁচশত টাকার প্রাইজ বন্ড ও সনদপত্র গ্রহণ করেন।

কেন এই অর্জন গুরুত্বপূর্ণ?
সুকান্ত ভট্টাচার্য ছিলেন সাম্য, মানবতা ও শোষিত মানুষের কবি। তাঁর কবিতায় সাম্যচিন্তা মানে- ক্ষুধামুক্ত সমাজ, বৈষম্যহীন শিক্ষা এবং সবার জন্য আলোর অধিকার।

রাজধানীর বড় প্রতিষ্ঠানের পাশাপাশি একটি গ্রামীণ গ্রন্থাগারের দুই পাঠকের জাতীয় পর্যায়ে নির্বাচিত হওয়া প্রমাণ করে, গ্রন্থাগার আন্দোলন এখনো গ্রামে বেঁচে আছে এবং বই পাঠের মাধ্যমে গ্রামের শিক্ষার্থীরাও জাতীয় পরিসরে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এই কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সুকান্তচর্চা ও পাঠাভ্যাসকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার প্রতিষ্ঠার পর থেকে নিয়মিতভাবে বই পাঠ, পাঠচক্র, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাছাড়া জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত প্রতিটি কার্যক্রম ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত অন্যান্য পাঠ কার্যক্রমে পাঠাগার আন্দোলনে সক্রিয় এই গ্রন্থাগারের পাঠকেরা অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh