রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ

রাজধানীর অন্তত পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এদিন রাত পৌনে ১১টার দিকে সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেল সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন।

তিনি জানান, হোস্টেলের সাইনবোর্ড লক্ষ্য করে ককটেলটি ছোড়া হয়। এতে কেউ হতাহত হয়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এর আগে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব। তিনি জানান, দুর্বৃত্তরা ধানমন্ডি ২৭ এর রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহত সংবাদ পাওয়া যায়নি।

রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

তিনি জানান, ‘রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহ আলী প্লাজার বিপরীত পাশে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করেও ধরতে পারেননি। আশা করি দ্রুতই আমরা এই ঘটনায় জড়িতদের শানাক্ত করে আইনের আওতায় আনব।’

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটয় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তার নাম মিজান ওরফে মিজু। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যদের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh