সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে অসুস্থ পর্যটকের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে খাবার খাচ্ছিলেন ইব্রাহিম। এ সময় চিংড়ি মাছ খাওয়ার পরপরই তিনি অস্বস্তি অনুভব করেন। একপর্যায়ে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে সেন্টমার্টিনের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান জানান, ইব্রাহিমকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার সঙ্গে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, আগে থেকেই তার অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল। ইব্রাহিমের শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

পরে বিকেল ৩টার দিকে স্পিডবোটে করে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৪টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিমের বন্ধু মো. শিয়াম জানান, তারা তিন বন্ধু মিলে সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ইব্রাহিমের আগে থেকেই তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল বলে তার সঙ্গে থাকা ব্যক্তিরা জানিয়েছেন। তবে চিংড়ি খাওয়ার সঙ্গে তার মৃত্যুর সরাসরি সম্পর্ক পরীক্ষায় নিশ্চিত হয়েছে- এমন তথ্য এখনো পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh