রমজানে মেট্রোরেলে ২৫০ মিলি পানি বহনের অনুমতি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ মার্চ ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ

আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতারের সময় যাত্রীদের জন্য মেট্রোরেলে ২৫০ মিলিলিটার পানি বহনের অনুমতি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মেট্রোরেল স্টেশন বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর গত ২৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পবিত্র রমজান মাসে মেট্রোরেল চলাচলের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা কনকোর্স অথবা প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সময়সূচি অনুযায়ী, দিনের সর্বপ্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭ট ১০ মিনিটে ছাড়বে ও সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে সর্বপ্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

এই সময়সূচি অনুযায়ী পুরো রমজান মাস অর্থাৎ ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh