সব
স্বদেশ বিদেশ ডট কম
ইসরায়েলের ওপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বা ফ্রান্স হস্তক্ষেপ করলে, এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাজ্য এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপে জড়ায়নি বলে জানা গেছে। এমনকি ইসরায়েলকে রক্ষার প্রচেষ্টাতেও অংশ নেয়নি লন্ডন।
ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাত দিয়ে আল–জাজিরার খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন বা তারিখ নির্ধারণ করা হয়নি। বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে, চেক-ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা। ফ্লাইট তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে। এদিকে লেবানন ও জর্ডানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ আজ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার ইরানকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ার করেছেন। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কাৎজকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন পরিস্থিতি তৈরি করছেন, যার জন্য ইসরায়েলের সাধারণ মানুষদের —বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে।’
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘যদি (আয়াতুল্লা আলী) খামেনি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তবে তেহরান জ্বলেপুড়ে যাবে।’ জর্ডানের উত্তরাঞ্চলীয় শহর ইরবিদে আকাশ থেকে পড়া বিস্ফোরক বস্তুর আঘাতে দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরুর পর জর্ডানে প্রথমবারের মতো কেউ আহত হওয়ার ঘটনা ঘটল। আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। খবর সিএনএনের। জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-মামলাকা টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরক বস্তুর আঘাতে একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এর আগে গতকাল শুক্রবার জর্ডান সেনাবাহিনী জানায়, যেকোনো পরিস্থিতিতে তারা দেশের আকাশসীমা লঙ্ঘন হতে দেবে না।
জর্ডান সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছিল, ওই দিন দেশটির আকাশসীমায় প্রবেশ করা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলো ধ্বংস করা হয়। জর্ডানের সঙ্গে ইসরায়েলের দীর্ঘ সীমানা রয়েছে। গতকাল ভোররাতে ইরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। দেশটির পারমাণবিক কর্মসূচির মূলকেন্দ্র ও শীর্ষ সামরিক নেতাদের হামলার নিশানা করা হয়। জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়।
ইরানে ইসরায়েলের হামলার পরপরই জর্ডান গতকাল সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। তবে আজ শনিবার সকালে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে বলে সিএনএনকে জানিয়েছে দেশটির বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ।
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি কর্মকর্তা। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে ইরানের বার্তা সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। ফারস ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। তিনি বলেছেন, ‘গতরাতের সীমিত পদক্ষেপে এই সংঘাত শেষ হচ্ছে না। ইরানের হামলা চলতেই থাকবে এবং এ প্রতিক্রিয়া আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে।’
গতকাল শুক্রবার ভোররাতে ইরানে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে আজ শনিবার ভোররাতে (গতকাল দিবাগত রাত) পাল্টা হামলা চালায় ইরান। দুই দেশই রাতে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে।
আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিনা শাস্তিতে যে পার পাওয়া যায় না, তা ইরান প্রমাণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক। আজ শনিবার ইসরায়েলে ইরানের পাল্টা হামলার পর তিনি এ কথা বলেন। আল জাজিরা এ তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে আজ শনিবার ভোররাতে (শুক্রবার দিবাগত রাত) ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায় তেহরান।
পাল্টাপাল্টি এ হামলার বিষয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা রিশেক একটি বিবৃতি দিয়েছেন। হামাসের আনুষ্ঠানিক টেলিগ্রাম অ্যাকাউন্টে বিবৃতিটি শেয়ার করা হয়েছে। সেখানে রিশেক বলেন, ‘ইসরায়েলকে শক্ত জবাব দেওয়ার মধ্য দিয়ে ইরান প্রমাণ করেছে, কোনো ঔদ্ধত্যই বিনা জবাবে পার পায় না, কোনো আগ্রাসনই শাস্তি ছাড়া পার পায় না।’ রিশেক আরও বলেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত উচ্চ ধারণাই থাকুক না কেন, ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠিকই ভূখণ্ডটির ভেতরে ঢুকে সফলভাবে লক্ষ্যভেদ করেছে।’ হামাসের এ নেতা মনে করেন, ইসরায়েলকে জবাব দেওয়ার মধ্য দিয়ে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর তা হলো—যে–ই হামলা করুক, তাকে মূল্য চুকাতে হবে।
ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল জর্ডান। তবে সেটি এখন খুলে দেওয়া হয়েছে। জর্ডানের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ বলেছে, আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আকাশসীমা আবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে ফ্লাইট স্থগিত করার একদিন পর জর্ডানের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দিল। জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি বলেন, দেশের আকাশসীমা লঙ্ঘন করতে দেওয়া হবে না। জর্ডান কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাঁচবার নিরাপদ জায়গায় সরেছেন। ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বার বার জায়গা বদল করেছেন তিনি । সুরক্ষিত আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাঁকে। খবর সিএনএন–এর। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলে অবস্থানরত হাকাবি এসব কথা বলেছেন।
এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘ইসরায়েলে এক কঠিন রাত কাটল।’ প্রতি শনিবার ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিনটিকে শাব্বাত নামে ডাকা হয়ে থাকে। হাকাবি বলেন, ‘শাব্বাত সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে, কিন্তু এবার সম্ভবত তা হবে না।’ ইরানে ইসরায়েলের হামলার দুই দিন আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন তাদের সরিয়ে নেওয়া হয়।
ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ শনিবার ভোরে এসব হামলা চালানো হয়। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল শুক্রবার ইরানের পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র ও দেশটির সশস্ত্র বাহিনীর ওপর হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার পরই ইরান পাল্টা জবাব দেয়।
ইসরায়েল এসব হামলায় যুদ্ধবিমান ব্যবহার করেছে। পাশাপাশি আগে থেকে ইরানে চোরাপথে প্রবেশ করানো ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। এসব হামলায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত বলেছেন, এসব হামলায় মোট ৭৮ জন নিহত এবং ৩২০ জনের বেশি আহত হয়েছেন।
ইসরায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির আরও কাছাকাছি পৌঁছানোর আগেই এই ব্যাপক হামলা চালানো জরুরি ছিল। তবে যুক্তরাষ্ট্র সরকার ও বিশেষজ্ঞরা বলছেন, হামলার আগে তেহরান এমন কোনো অস্ত্র তৈরির চেষ্টায় সক্রিয় ছিল না।
ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমে ড্রোন হামলা চালিয়েছে। এরপর ইসরায়েলের দিকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলা চলাকালে জেরুজালেম ও তেল আবিবের আকাশ অন্ধকারের মধ্যেও বিস্ফোরণের আলোয় ঝলমল করে ওঠে এবং নিচের ভবনগুলো কেঁপে ওঠে। হামলাকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের কয়েক ঘণ্টা নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থানের আহ্বান জানায় ইসরায়েলি সেনাবাহিনী।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতাতেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। তাঁর দাবি, ওয়াশিংটনের সম্মতি না থাকলে এই হামলা কখনোই হতো না। খবর আল–জাজিরার
ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলোয় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল। সে আলোচনার প্রসঙ্গ টেনে বাকাই বলেন, ‘অপর পক্ষ (যুক্তরাষ্ট্র) এমনভাবে আচরণ করেছে, যা সংলাপকে অর্থহীন করে তুলেছে।’
আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে বাকাই আরও বলেন, ‘একদিকে আপনি আলোচনার দাবি করবেন, আর অন্যদিকে জায়নবাদী শাসকগোষ্ঠীকে (ইসরায়েল) ইরানের ভূখণ্ডে হামলা চালাতে দেবেন—তা তো হতে পারে না।’
ইসরায়েলের তেল আবিব শহরের দক্ষিণে রিশোন লেজিয়োন এলাকায় বাড়িঘরের কাছে ইরানের রকেট হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক প্যারামেডিক সদস্যকে পাঠানো হয়েছে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন।
আয়ালন অঞ্চলের জরুরি সেবা বিভাগের উপপরিচালক রামি মুশার বলেন, ‘এটি একটি কঠিন ও জটিল পরিস্থিতি। ভবনগুলোর ভেতর আর কোনো হতাহত আছে কি না, তা নিশ্চিত হতে আমরা এখনো কাজ করে যাচ্ছি।
ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে জানিয়েছিল ইসরায়েল। তারা যুক্তরাষ্ট্রকে বলেছিল যে আত্মরক্ষার্থে এ হামলা অপরিহার্য। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাকয় পিট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এসব কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।
নিরাপত্তা পরিষদে পিট বলেন, ‘হামলার আগেই যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল। তবে এসব হামলায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে সম্পৃক্ত ছিল না। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিক, কর্মী ও সেনাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গা।’ এদিকে ইরানকে হুঁশিয়ার করে পিট বলেন, দেশটি যদি যুক্তরাষ্ট্রের নাগরিক, ঘাঁটি কিংবা অবকাঠামোর ওপর হামলা চালায়, তবে তাদের পরিণতি শোচনীয় হবে।
এই মার্কিন কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র এখনো মনে করে, ইরানের একটি চুক্তি করা উচিত এবং তারা একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে। আলোচনায় বসাটা এ মুহূর্তে ইরানের নেতৃত্বের জন্য বুদ্ধিমানের কাজ হবে বলেও মনে করেন ম্যাকয়।
ইসরায়েলে ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি সেবাবিষয়ক সংস্থা মেগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। এমডিএর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখা হয়েছে, ‘কয়েক মিনিট “রেড অ্যালার্ট” সংকেত বাজার পরপরই হামলার খবর মেলে। এমডিএর (মাগেন ডেভিড অ্যাডম) জরুরি চিকিৎসাকর্মী ও প্যারামেডিক দল সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায়।’
এমডিএ আরও বলেছে, আহত ব্যক্তিদের আঘাতের ধরন হালকা থেকে মাঝারি। ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় একজন নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে বিবিসি এমন খবর প্রকাশ করেছে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূত বলেন, ইসরায়েলে এক নারী নিহত এবং আরও ৪০ জনের মতো মানুষ আহত হয়েছেন।
আরেক মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসও ইসরায়েলে একজন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলি পুলিশের এক মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, শুক্রবার রাতে তেল আবিবের কাছে একটি শহরতলিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ওই নারীকে মৃত ঘোষণা করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম কান বলছে, বেশ কয়েকটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আল–জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে কোন এলাকায় এসব হামলা হয়েছে, তা জানানো হয়নি। এএফপির খবর বলছে, শনিবার ভোরে ইরান নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তাঁরা শনাক্ত করেছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, গতকাল শুক্রবার তারা ইরানের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। হামলায় একটি বিমানঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এ দুটি বিমানঘাঁটি হলো ইরানের পশ্চিমাঞ্চলের হামাদান বিমানঘাঁটি ও উত্তর–পশ্চিমাঞ্চলের তাবরিজ বিমানঘাঁটি। এর মধ্যে হামলায় তাবরিজ বিমানঘাঁটি ধ্বংস হয়েছে। বলা হয়েছে, ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে এ বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে। খবর সিএনএনের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তাঁর দেশকে ‘সংযম’ দেখাতে বলাটা ‘অযৌক্তিক’। নিজ দেশে ইসরায়েলি হামলার মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ওই বৈঠকের প্রসঙ্গ টেনে এ কথা লেখেন তিনি।
পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, ইসরায়েলের কর্মকাণ্ড ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রতিক্রিয়া ‘দৃঢ়’ হবে। খবর বিবিসির যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) ২০২৩ সালের ‘দ্য মিলিটারি ব্যালান্স’ প্রতিবেদন অনুসারে: ইরানের ৬ লাখ ১০ হাজার সক্রিয় সেনা রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীতেই রয়েছে ৩ লাখ ৫০ হাজার। এ ছাড়া আইআরজিসিতে ১ লাখ ৯০ হাজার, নৌবাহিনীতে ১৮ হাজার, বিমানবাহিনীতে ৩৭ হাজার ও বিমান প্রতিরক্ষায় ১৫ হাজার সদস্য রয়েছে দেশটির। ইরানের রিজার্ভ বাহিনীর সদস্যসংখ্যা ৩ লাখ ৫০ হাজার। কিছু ব্যতিক্রম বাদে দেশটিতে ১৮ বছরের বেশি বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক কর্মকাণ্ডে অংশ নিতে হয়। অন্যদিকে ইসরায়েলের ১ লাখ ৬৯ হাজার ৫০০ সক্রিয় সেনা রয়েছে। দেশটির সেনাবাহিনীতে ১ লাখ ২৬ হাজার, নৌবাহিনীতে ৯ হাজার ৫০০ ও বিমানবাহিনীতে ৩৪ হাজার সদস্য রয়েছে। তাদের রিজার্ভ বাহিনীর সদস্যসংখ্যা ৪ লাখ ৬৫ হাজার। ইসরায়েলের ১৮ বছরের বেশি বয়সী অধিকাংশ নারী ও পুরুষের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক। তবে নির্দিষ্ট কিছু ছাড় আছে।
ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বলছে আগুন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরটির অভ্যন্তরে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে। আল–জাজিরা জানিয়েছে, ইরানের তাসনিম নিউজ এজেন্সি এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। স্থানীয় মেহের নিউজ এজেন্সির বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় একটি ‘বিস্ফোরণ’ হয়েছে। এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ইরান ও ইসরায়েলের প্রতি উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় লড়াই বন্ধ করা এবং সংযম দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ। এর জবাবে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। যথেষ্ট উত্তেজনা দেখানো হয়েছে। এখন থামার সময় এসেছে। শান্তি আর কূটনীতির বিজয় নিশ্চিত করতে হবে। খবর বিবিসির
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হওয়া এক ইসরায়েলি নারী পরে মারা গেছেন। ইসরায়েলের সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে আল–জাজিরা। প্রাথমিকভাবে ওই নারীর নাম–পরিচয় জানানো হয়নি।
আল–জাজিরা বলছে, তারা প্রাথমিকভাবে নিহতের এ তথ্য যাচাই করতে পারেনি। তবে খবরটি যদি সত্যি হয়, তাহলে ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলা শুরুর পর এটাই হবে প্রথম কোনো ইসরায়েলি নাগরিকের নিহত হওয়ার ঘটনা।
ইসরায়েলের ‘আয়রন ডোম’ বিশ্বের অন্যতম সেরা ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এনডিটিভি জানায়, আয়রন ডোম হলো ভূমি থেকে আকাশে ছোড়ার একটি স্বল্পপাল্লার (শর্ট রেঞ্জ) আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র, রকেট, মর্টার, আর্টিলারি শেল ও ড্রোন হামলা মোকাবিলায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আয়রন ডোম মোতায়েন আছে। এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পরিসীমা প্রায় ৭০ কিলোমিটার।
আয়রন ডোম–ব্যবস্থার কেন্দ্রীয় তিন উপাদান হলো রাডার–ব্যবস্থা (ডিটেকশন-ট্র্যাকিং রাডার), কন্ট্রোল–ব্যবস্থা (ব্যাটল ম্যানেজমেন্ট-উইপনস কন্ট্রোল) ও মিসাইল ফায়ারিং ব্যবস্থা। প্রতিটি মিসাইল ফায়ারিং ব্যবস্থায় ২০টি তামির ক্ষেপণাস্ত্র থাকে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আয়রন ডোম তৈরি করেছে। আয়রন ডোম তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কিছু সহায়তা পেয়েছে ইসরায়েল।
এনডিটিভি জানায়, আয়রন ডোম তৈরির প্রেক্ষাপট ২০০৬ সালে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। এই যুদ্ধের সময় হিজবুল্লাহ হাজারো রকেট হামলা চালায় ইসরায়েলে। হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হিজবুল্লাহর সঙ্গে এই যুদ্ধের পর ইসরায়েল ঘোষণা দেয়, তারা একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে। ২০১১ সালে ইসরায়েল প্রথম আয়রন ডোম মোতায়েন করে। রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের দাবি, আয়রন ডোমের সাফল্য ৯০ শতাংশ।
২০২৩ সালে ইরান সামরিক খাতে ১০ দশমিক ৩ বিলিয়ন (১ হাজার ৩০ কোটি) ডলার ব্যয় করেছে, যা ২০২২ সালের তুলনায় শূন্য দশমিক ৬ শতাংশ বেশি। একই বছর ইসরায়েল ব্যয় করেছে ২৭ দশমিক ৫ বিলিয়ন (২ হাজার ৭৫০ কোটি) ডলার, যা ২০২২ সালের তুলনায় ২৪ শতাংশ বেশি। এ খাতে ব্যয় বেড়েছে মূলত ৭ অক্টোবরের পর শুরু করা গাজা যুদ্ধের কারণে। তেল আবিবসহ বিভিন্ন শহরে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার রাতে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তাঁর সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ছিলেন। ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে সিএনএন।
ওই কর্মকর্তা সিএনএনকে বলেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। সঙ্গী হন প্রতিরক্ষামন্ত্রীও। তাঁরা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন। বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরাও প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনায় অংশ নেন বলেও জানান ওই কর্মকর্তা।
ইরানের রাজধানী তেহরানে আবারও একাধিক বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছে বিবিসি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, আকাশপথে ইসরায়েলি হামলা ঠেকাতে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল–জাজিরা বলছে, তেহরানে নতুন হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। ইরানের ভূখণ্ডে শুক্রবার ভোররাতে হামলা চালায় ইসরায়েল। এরপর দিনভর কয়েক দফায় হামলার ঘটনা ঘটে। রাতেই ইসরায়েলি পাল্টা হামলা করে ইরান। পাল্টা হামলার ঘটনায় তেহরানের রাজপথে নেমে ইরানিদের উল্লাস প্রকাশের ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সায়েইদ ইরাভানি নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, ইরানে শুক্রবারের ইসরায়েলি হামলায় কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২০ জনের বেশি মানুষ। হতাহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক মানুষ। আছেন নারী ও শিশু। আমির ইরাভানি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে ‘বর্বর ও অপরাধমূলক’ হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।
ইসরায়েলি ভূখণ্ডে শুক্রবার সন্ধ্যায় ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ। বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন দুটি ইসরায়েলি সূত্র সিএনএনকে এ কথা জানিয়েছেন।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, এর আগেও ইরানি হামলার মুখে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছিল ওই অঞ্চলের কয়েকটি দেশ। এবার দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে।
এর আগে ২০২৪ সালের এপ্রিলে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডে একযোগে তিন শতাধিক রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এসবের ৯৯ শতাংশ রুখে দিতে পেরেছিল ইসরায়েল এবং এর ‘মিত্র দেশগুলোর’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনটাই জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইরানের হামলার জেরে ইসরায়েলের তেল আবিবসহ কয়েকটি শহরে অন্তত ৪০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিবিসির খবরে বলা হয়েছে, এই ৪০ জনের মধ্যে তেল আবিবেই আহত হয়েছেন ১৮ জন।
ইরানে গতকাল শুক্রবার ভোররাতে ইসরায়েলের হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছিল তেহরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানানো হয়েছিল। এখন ইরানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শনিবার দুপুর ২টা পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখা হবে। খবর বিবিসির।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন। ইসরায়েলের সামরিক হামলার পর ইরানে উত্তেজনা বেড়ে যাওয়ায় তিনি এই পরিস্থিতি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। ক্রেমলিনের এক বিবৃতি উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স এ কথা জানিয়েছে।
ইরান আজ রাতে ইসরায়েলের দিকে ১০০টির কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে তার মধ্যে অল্প কিছু ইসরায়েলে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিএনএনের খবরে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এক ভিডিও বার্তায় বলেন, কিছু আঘাত হয়েছে, তবে বেশিরভাগই প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাতে আরও হামলা হতে পারে, তাই সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আরও হামলা হবে। আল–জাজিরা জানায় নেতানিয়াহু বলেছেন, ইরানে চালানো হামলার লক্ষ্য ছিল ইসলামি শাসকগোষ্ঠী, পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি প্রতিহত করা। তিনি এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন রাইজিং লায়ন’।
বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দেশটির জনগণকে আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসতে বলেছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনার পর জনগণকে দেশের সব অঞ্চলে সুরক্ষিত এলাকা (আশ্রয়স্থল) থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করা হচ্ছে। তবে আশ্রয়স্থলের কাছাকাছি অবস্থান করতে হবে।
ইসরায়েলের পত্রিকা হারেৎজ এর বরাত দিয়ে আল–জাজিরা জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১৫ জন আহত হয়েছে। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধবিমানের একজন পাইলটকেও আটকের দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি খারিজ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিকচে আদ্রেয়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ইরানের সংবাদমাধ্যম মিথ্যা বলেছে।
বিবিসি ও আল–জাজিরা প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব শহরের অন্তত ৫ জন আহত হয়েছে। ইসরায়েলের ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়েছে, ৫ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ইরানের ৮ শহরে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ভয়াবহ হামলার জবাব দিতে শুরু করেছে তেহরান। কিছুক্ষণ আগে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে। ইসরায়েলের তেলআবিবে শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন। তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে। তেল আবিবে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।