সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের গভীর উদ্বেগ, তদন্ত ও বিচার দাবি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ২:৪০ অপরাহ্ণ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সোমবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ব্লাস্ট জানায়, গত রোববার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসা থেকে উত্তরা পশ্চিম থানার পুলিশ কে এম নূরুল হুদাকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে— আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই একদল ব্যক্তি নূরুল হুদার ওপর শারীরিক হামলা চালায় এবং গলায় জুতার মালা পরিয়ে অপমানজনক আচরণ করে। এ ধরনের ঘটনা ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার এবং সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল।

ব্লাস্ট বলেছে, সংবিধানের ৩১ ও ৩৫(৫) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি আইনগত প্রক্রিয়া ছাড়া জীবন, দেহ বা সম্মানহানির শিকার হতে পারে না। এছাড়া, কাউকে নিষ্ঠুর বা অবমাননাকর আচরণের শিকার করাও নিষিদ্ধ। দণ্ডবিধির ৩২৩ ও ৩২৫ ধারায় ইচ্ছাকৃত শারীরিক আঘাতকে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ব্লাস্ট আরও উল্লেখ করে, দেশের সর্বোচ্চ আদালতের একাধিক রায়ে বলা হয়েছে— কোনো নাগরিক আইন নিজের হাতে তুলে নিতে পারে না এবং বিচারবহির্ভূত শাস্তি দেওয়া সম্পূর্ণভাবে বেআইনি। জনসমক্ষে সংঘটিত এমন অপমানজনক ঘটনা শুধু ব্যক্তি অধিকারের অবমাননা নয়, বরং রাষ্ট্রীয় বিচারব্যবস্থার ওপর চরম অবজ্ঞার প্রকাশ।

এ ঘটনায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) পৃথক বিবৃতিতে ‘মব জাস্টিস’ বা জনতার হাতে আইন তুলে নেওয়ার প্রবণতার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। তারা সাবেক সিইসির প্রতি এমন সহিংস ও অপমানজনক আচরণকে মানবাধিকারের পরিপন্থী বলে উল্লেখ করেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh