ইসরায়েলি অবরোধে গাজায় ৩৫ দিনের শিশুর অনাহারে মৃত্যু, হামলায় নিহত আরও ১১৬

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ণ

ইসরায়েলের অবরোধ এবং মানবিক সহায়তা বন্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মাত্র ৩৫ দিনের এক শিশুর অনাহারে মৃত্যু হয়েছে। শিশুটি গাজা সিটির আল-শিফা হাসপাতালে মৃত্যুবরণ করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একই দিনে অপুষ্টির কারণে আরও অন্তত দুইজন প্রাণ হারান।

এদিকে শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজায় আরও ১১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি সহায়তা কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়ে।

হাসপাতাল পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া জানান, শিশু মৃত্যুর কারণ ছিল অপুষ্টি ও অপর্যাপ্ত খাদ্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে প্রায় ১৭ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং হাসপাতালের জরুরি বিভাগগুলোতে খাদ্যের অভাবে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে।

গাজার সিভিল ডিফেন্স জানায়, খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও রাফাহর উত্তর-পশ্চিমে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সহায়তার আশায় জড়ো হওয়া মানুষের ওপর ইচ্ছাকৃতভাবে গুলি চালানো হয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রসের মহাসচিব জগন চাপাগাইন এ পরিস্থিতিকে “ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি” হিসেবে আখ্যায়িত করেছেন। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান ইয়ান এগেল্যান্ড জানান, গত ১৪২ দিনে গাজায় কোনো ত্রাণ ট্রাক প্রবেশ করতে পারেনি।

জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, মিসরের সীমান্তে গাজার জন্য বিপুল পরিমাণ খাদ্য মজুত থাকলেও ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে তা সরবরাহ করা যাচ্ছে না। সংস্থাটি আহ্বান জানিয়েছে: “সীমান্ত খুলুন, অবরোধ তুলে নিন এবং আমাদের কাজ করতে দিন।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh