খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যারা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ

সব প্রস্তুতি শেষ হলে আজ মধ্যরাত অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এরইমধ্যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতারের আমিরের বিমান কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলে ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবে।

খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। তারা হলেন—খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সায়েদা শর্মীলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় তাঁকে সেখানে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা জানান। গত ১২ দিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh