৫ টাকা নিয়ে বিরোধে প্রবাসী ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে আলমগীর হোসেন নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে এসেছেন।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তুচ্ছ লেনদেন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে তাঁর স্বামী আলমগীর হোসেনকে বেধড়ক মারধর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত খোরশেদ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh