প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরনের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে সরকারের প্রধানের দপ্তর।

এ সময় কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খোলেননি সেখানকার কর্মকর্তারা।

শেভরন করপোরেশনের প্রতিনিধি দলে ছিলেন ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৪ সালের ৩ ডিসেম্বর তখনকার অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিল শেভরনের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসুলো।

সেই সময় শেভরনের তরফে বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে নতুন বিনিয়োগ পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছিল।

আওয়ামী লীগ সরকারের সময়েও কোম্পানিটি এ ধরনের আগ্রহ দেখিয়েছিল।

২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় যোগানদাতা শেভরন বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখিয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh