হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ মে ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ণ


দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও চার শিশুর মারা গেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাতজন।

এ নিয়ে গেল ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত ৫৫ দিনে সারাদেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ৪০৯ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ২৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৩৪৪ জন মারা গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য সংশ্লিষ্ট সিভিল সার্জন অফিসের সঙ্গে সমন্বয় করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর নতুন এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সারা দেশে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ১৩৮ জন ঢাকায় মারা গেছে; আর ৭৮ জন রাজশাহী বিভাগের। এছাড়া বরিশালে ২৯, চট্টগ্রামে ২৭, ময়মনসিংহে ২৬, সিলেটে ২৪, খুলনায় ১৪ ও রংপুর বিভাগে ৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জন হাম আক্রান্ত হয়েছে; এই সময়ে ১ হাজার ৫০৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ১ হাজার ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৫৬ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৪৪ জন ভর্তি হয়েছে চট্টগ্রামে।

সারাদেশে গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জন। এদের মধ্যে ৬ হাজার ৮১৯ জনের হাম শনাক্ত হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh