ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে সমাবেশের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।

তারা বলছে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

বৃহস্পতিবার (২৫ জুন) সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, ২৩ জুন ঢাকার ধানমন্ডি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। সম্পাদক পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে উল্লেখ করে তদন্তের কথা বলা হয়েছে, তথাপি পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।

সম্পাদক পরিষদ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh