সব
স্বদেশ বিদেশ ডট কম

বিভিন্ন কোম্পানি টেলিটক কিনতে বা অংশীদার হতে আগ্রহ দেখালেও রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠান বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার (৭ জুলাই) তথ্য প্রযুক্তি খাতের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা বিক্রি করব না। আমরা টেলিটককে আপগ্রেড করব। কারণ এই কম্পিটিশনের বাজারে আমরা যদি না থাকি, তাহলে অন্য অপারেটররা আপনাদেরকে…।
সম্প্রতি বেসরকারি মোবাইল অপারেটর বাংলা লিংকের মূল কোম্পানি ভিওন সরকারকে চিঠি লিখে রাষ্ট্রায়ত্ত দুটি কোম্পানি টেলিটক ও বিটিসিএল এর সঙ্গে অংশীদারত্বে আসার আগ্রহ প্রকাশ করে।
সেখানে মোবাইল অপারেটর টেলিটককে বাংলালিংকের সঙ্গে একীভূত করার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কিনে নেওয়ার বা বিনিয়োগের আগ্রহ দেখায় ভিওন।
গত ২৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করে বাংলাদেশে এক বিলিয়ন ডলার বিনিয়োগ পেতে সহায়তার অঙ্গীকার করেন বহুজাতিক প্রতিষ্ঠান ভিওন এর চেয়ারম্যাান অগি কে ফাবেলা।
তার প্রস্তাবটি হল, ওই এক বিলিয়নের মধ্যে প্রধান বিনিয়োগকারী হিসেবে ২৫ কোটি ডলার বা ৩০৮১ কোটি টাকা বিনিয়োগ করবে ভিওন (ডলারের দর ১২৩ দশমিক ২৫ টাকা ধরে)। বাকি বিনিয়োগের অর্থ সংগ্রহ করতে তারা সহায়তা করবে।
প্রস্তাবিত বিনিয়োগের মূল ক্ষেত্র হবে পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত সংযোগ প্রযুক্তি। নিজেদের বিনিয়োগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরও বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগে উৎসাহিত করতে নিজেদের বৈশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগাবে ভিওন।
নগদ বিক্রি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নগদ নিয়ে মামলা আছে; সেই মামলা নিষ্পত্তি হলে পরে সরকার সিদ্ধান্ত নেবে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নগদ থেকে ‘হাজার কোটি টাকা লুটপাটের’ তথ্য পাওয়ার কথা বলা হয়েছিল বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে। ওই টাকা উদ্ধারের জন্য সরকার কী করছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এগুলো দুদক দেখবে। একবার মানুষের পকেটের টাকা চলে গেলে তা বের করা অনেক কঠিন।