দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ


ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিভাগীয় পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh