সচল হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ


প্রায় এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সোমবার (২৭ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার কোনো প্রশ্ন নেই। তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ঢাকা-নারিতা রুট লাভজনক হবে। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি এবং পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে আফরোজা খানম বলেন, আজকের ঢাকা-নারিতা ফ্লাইট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

তিনি আরও বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণেরও নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীর কথা বিবেচনায় রেখেই এই ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে, যাতে এই রুট আর কখনো বন্ধ করতে না হয়।

প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজের স্বল্পতা থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেই ফ্লাইটই আজ আবার যাত্রীদের জন্য চালু করা হলো।

পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এই রুটে সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইট জাপানের উদ্দেশে যাত্রা করে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh