মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সিমবিলান প্রদেশের তামান লিঙ্গিরের একটি বাড়ি থেকে সোমবার বিকেলে লাশ তিনটি উদ্ধার করে স্থানীয় পুলিশ।

নেগরি সিমবিলান পুলিশের বরাতে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস মঙ্গলবার এক খবরে বলেছে, এই ঘটনায় আরো এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

নেগরি সেমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ বলেন, মারামারির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আনুমানিক ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করেছে। স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গিরের ওই বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির বিষয়ে পুলিশ স্থানীয় মানুষের কাছ থেকে খবর পায়। লিঙ্গি থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক তদন্তের সূত্র ধরে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে। পরে আরো একটি মৃতদেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পাওয়ায় ওই ৩ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরেকজন আহত হয়ে রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আলজাফনি আহমদ বলেন, মারামরির ঘটনায় জড়িত সবাই সহকর্মী ছিলেন। তারা এক জায়গায় কাজ করতেন, একই বাসায় থাকতেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আগের কোনো অপরাধমূলক রেকর্ড নেই তথ্য দিয়ে পুলিশ বলেছে, তাকে রিমান্ডে নিতে আবেদনের জন্য মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh