লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা বিবিসিসিআই’র

প্রেস বিজ্ঞপ্তি,

  • প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ণ

যুক্তরাজ্য ও বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে লন্ডনে ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)।

বুধবার (৯ সেপ্টেম্বর) লন্ডনের আইভি হিল হোটেলে আয়োজিত বিবিসিসিআই বিজনেস রিসেপশন ২০২৬ অনুষ্ঠানে চেম্বারের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

বিবিসিসিআই জানিয়েছে, প্রস্তাবিত ট্রেড সেন্টারটি যুক্তরাজ্য ও বাংলাদেশের বাজারে প্রবেশ এবং ব্যবসা সম্প্রসারণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে।

বিবিসিসিআইয়ের ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ বলেন, ট্রেড সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ চেম্বারের কার্যক্রমকে প্রচলিত নেটওয়ার্কিংয়ের গণ্ডি ছাড়িয়ে ব্যবসার জন্য বাস্তব ও কার্যকর সুযোগ তৈরির দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, “ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টারের লক্ষ্য হলো যোগাযোগকে বাণিজ্যে এবং আকাঙ্ক্ষাকে সুযোগে রূপান্তর করা। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে ব্রিটিশ ও বাংলাদেশি ব্যবসায়ীরা একে অপরের সঙ্গে পরিচিত হতে, অংশীদারত্ব গড়ে তুলতে, নতুন বাজার অনুসন্ধান করতে এবং একসঙ্গে ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন।”

বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মুহিব চৌধুরী বলেন, ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার একটি আধুনিক ও উচ্চাভিলাষী চেম্বার গড়ে তোলার প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে বিবিসিসিআই অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।

চেম্বার সূত্রে জানানো হয়, প্রকল্পটি এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দুই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, সরকারি প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও কৌশলগত অংশীদারদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখা হবে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে এই ট্রেড সেন্টার দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম। এ সময় বিবিসিসিআইয়ের বর্তমান কমিটির উপদেষ্টা ড. ওয়ালি তাসার উদ্দিন, আহমদ উস সামাদ চৌধুরী জেপি, সাইদুর রহমান রেনু, সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বিইএম ও রফিক হায়দার, নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ডাইরেক্টর আতাহির খান, প্রধান নির্বাচন কমিশনার জাজ নজরুল খসরু, নির্বাচন কমিশনার ড. জাকির খান ও তারেক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্লিনিক্যাল লেকচারার ড. মঞ্জুর শওকত, বিবিপিআইয়ের প্রতিষ্ঠাতা কাউন্সিলর আবদাল উল্লাহ, বিসিএ প্রেসিডেন্ট অলি খান, চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, কারি লাইফের সম্পাদক-প্রধান ও সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হোসাইন এবং হারোর সাবেক মেয়র সেলিম চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে বিবিসিসিআইয়ের দুটি ডাইরেক্টর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমিরুল ইসলাম চৌধুরী ও জাহিরুল ইসলাম সিআইপি নতুন ডাইরেক্টর নির্বাচিত হন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh