মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, উৎসবের বদলে পরিবারে বিষাদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসে থাকা বিদেশফেরত এক যাত্রীসহ আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।

নিহত দুজন হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ও মাইক্রোবাসটির চালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসেন আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক স্বজনকে নিয়ে একটি মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন ওই পরিবারের সদস্যরা। ভোরে শাজাহানপুরের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর ঘন কুয়াশা বা অসতর্কতাবশত মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীতমুখী লেনে ঢুকে পড়ে।

ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফেরদৌস ও যাত্রী জুবায়েদুল প্রাণ হারান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় আহত অপর সাত যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh