আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ নয়: অর্থমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ২:০১ অপরাহ্ণ

আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগের জন্য ব্যাপক চাপ থাকলেও সরকার কোনো ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিচ্ছে না এবং ভবিষ্যতেও দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলের একটি হোটেলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে। এ কারণে অনেকেই ব্যাংকের পরিচালক হতে চাইছেন, আর্থিক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসতে চাইছেন। কিন্তু সরকার এসব রাজনৈতিক তদবির ও নিয়োগের বিষয়টি একেবারেই বিবেচনায় নিচ্ছে না।’ একই অনুষ্ঠানে আইসিবি প্রসঙ্গে তিনি বলেন, অন্য সবার মতোই আইসিবিকেও যথাযথ ট্যাক্স বা কর দিয়ে নিজেদের ব্যবসা পরিচালনা করতে হবে।

একই দিন সকালে রাজধানীর বনানী কাঁচাবাজারে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও লেনদেন কার্যক্রম পরিদর্শন করেন অর্থমন্ত্রী। সেখানে তিনি স্মার্ট ও ডিজিটাল অর্থনীতি গড়ার ওপর জোর দেন।

অর্থমন্ত্রী জানান, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ ভিত্তিক লেনদেনকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনা মূল্যে সম্পন্ন হবে, এর জন্য গ্রাহক বা ব্যবসায়ীকে কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।

ফুচকা বিক্রেতা, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা এখন যেকোনো ব্যাংক কিংবা সেবা প্রদানকারীর হিসাবে সহজেই কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে নগদ টাকা বহনের প্রয়োজনীয়তা কমবে এবং লেনদেন আরও সহজ ও দ্রুত হবে।

প্রাথমিক পর্যায়ে ছোটখাটো কিছু কারিগরি ত্রুটি দেখা দিলেও তা দ্রুত সমাধান করা সম্ভব বলে তিনি আশ্বস্ত করেন। বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মতো বাংলাদেশ ব্যাংকও ক্যাশলেস লেনদেনকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি নাগরিক ও ব্যবসায়ীদের বিনা দ্বিধায় এই নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থায় যুক্ত হওয়ার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh