শ্রমিকদের সড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ


গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। টানা প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাফুজ ও হাসমত আলী জানান, এর আগে গত ১০ অক্টোবর বিক্ষোভের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সর্বশেষ বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ টালবাহানা করে এবং বৃহস্পতিবার আকস্মিকভাবে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

এই প্রতিশ্রতি ভঙ্গের প্রতিবাদেই বিক্ষুব্ধ শ্রমিকরা আজ সকালে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম জানান, শ্রমিকদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা পুলিশের সেই প্রস্তাব উপেক্ষা করে অবরোধ অব্যাহত রাখেন। দীর্ঘ সময় মহাসড়ক অচল থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছালে পুলিশ বাধ্য হয়ে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরও জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মালিকপক্ষ মেশিনপত্র সরিয়ে নিচ্ছে বলে যে গুঞ্জন ছড়িয়েছে, তা সঠিক নয় বলে নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh