সব
স্বদেশ বিদেশ ডট কম
বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের আয়োজনে পূর্বপুরুষদের স্মরণে বিশেষ প্রার্থনা
লন্ডন প্রতিনিধি ::
যুক্তরাজ্যে প্রথমবারের মতো টেমস নদীর তীরে মহতী তর্পণ ও মহালয়া উৎসব উদযাপন করেছে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন (বিএইচএ)। গত ১০ অক্টোবর, শনিবার, সংগঠনটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শারদীয় সকালে টেমস নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীরা তিল, তুলসীপাতা ও ফুলসহ পূজার উপকরণ দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, আশ্বিন মাসের পিতৃপক্ষ ও মাতৃপক্ষের সন্ধিক্ষণে মহালয়ার তর্পণ বিশেষ তাৎপর্য বহন করে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাভারতের মহাবীর কর্ণ জীবদ্দশায় পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ না করায় পরবর্তীতে মহালয়ার তিথিতে তর্পণের মাধ্যমে পিতৃঋণ শোধ করেন। সেই বিশ্বাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় পিতৃকুল ও মাতৃকুলের প্রয়াত আত্মার শান্তি এবং বিশ্বশান্তি কামনায় তর্পণ করা হয়।
অনুষ্ঠানে মহালয়ার আবহসংগীত ও চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আবাহন করা হয়। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা মহামায়া শীলের পরিচালনায় সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাঁদের মধ্যে ছিলেন কৃষ্ণ শীল, জশ শীল, সীমা গোস্বামী, অনীশা রায়, রুনু রায়, ঈশিতা দেব, ঝিল্লি দেব, সুদীপ্তা পুরকায়স্থ, বিপাশা দেব ও পলাশ দেব।
বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান প্রশান্ত পুরকায়স্থ বিইএম, সহসভাপতি রবীন পাল ও সহসভাপতি বিপুল মণ্ডল।
আয়োজকদের মতে, টেমস নদীর তীরে এ আয়োজন যুক্তরাজ্যে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি তুলে ধরার একটি বিশেষ উদ্যোগ।