সব
স্বদেশ বিদেশ ডট কম

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত কালজয়ী ফ্যান্টাসি ‘সুলতানার স্বপ্ন’ প্রকাশের শতবর্ষ পেরিয়ে আজও সমসাময়িক সমাজে কতটা প্রাসঙ্গিক, তা নিয়ে সৃজনশীল অনুভূতি প্রকাশ ও পাঠ প্রতিক্রিয়ার বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে এবং বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের আয়োজনে সনাতন-দীননাথ পাঠকক্ষে ‘সুলতানার স্বপ্ন : শতাব্দী পেরিয়ে আজকের পাঠ’ শীর্ষক এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শুভাশিস চক্রবর্তী বলেন- “১৯০৫ সালে রচিত ‘সুলতানার স্বপ্ন’ কেবল একটি গল্প নয়, বরং বিজ্ঞানমনস্কতা, পরিবেশ-বান্ধব উন্নয়ন এবং জেন্ডার সমতার এক দূরদর্শী রূপরেখা। শত বছর আগে বেগম রোকেয়া সৌরশক্তি ব্যবহার, আকাশযান এবং যুদ্ধের বিকল্প হিসেবে জ্ঞান ও বিজ্ঞানের যে ‘ল্যাডিল্যান্ড’ বা নারীস্থানের স্বপ্ন দেখিয়েছিলেন, তা বর্তমান জলবায়ু সংকট ও যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তরুণ পাঠক ও শিক্ষার্থীরা ‘সুলতানার স্বপ্ন পড়ো’ শিরোনামে তাদের নিজস্ব সৃজনশীল অনুভূতি প্রকাশ করেন। অংশগ্রহণকারী পাঠকেরা তাদের অনুভূতিতে উল্লেখ করেন, রোকেয়ার এই বইটি আজও আমাদের অবরুদ্ধতার শেকল ভাঙতে এবং একটি মানবিক ও সাম্যবাদী পৃথিবী গড়তে অনুপ্রাণিত করে।
সভাপতির বক্তব্যে রত্নদীপ দাস রাজু বলেন, “নতুন প্রজন্মের মাঝে এই দূরদর্শী সাহিত্যকর্মের বার্তা পৌঁছে দিতেই মুক্তিযুদ্ধ জাদুঘর ও বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার যৌথভাবে এই পাঠচক্রের আয়োজন করেছে। বিজ্ঞান ও শিক্ষার আলোয় সমাজ থেকে অন্ধকার দূর করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তরুণ সমাজকর্মী বিশ্বজিৎ দাশ নারায়ণ, গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সদস্য জনি দাশ, পাঠক ফোরামের সহ-সভাপতি সজীব দাশ, সাংগঠনিক সম্পাদক তীর্থ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ, দপ্তর সম্পাদক রুদ্র কিশোর দাশ প্রান্ত প্রমুখ।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পাঠক এবং ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণ পাঠকদের মাঝে ‘সুলতানার স্বপ্ন’ বই বিতরণ করা হয়।