ছাত্রী অপহরণ: মাদ্রাসার প্রধান শিক্ষকসহ ৫ জনের নামে মামলা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ২:০৭ অপরাহ্ণ

গাজীপুর সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে স্থানীয় একটি মহিলা মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার রাতে অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় পাঁচজনকে আসামি করে এই মামলা করেন।

মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম (২৯) জয়দেবপুর থানার দুটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক। মামলার অন্য আসামিরা হলেন, আরিফুলের ভাই শরীফ মিয়া (৩৫), তাঁদের বাবা সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) এবং দেলোয়ার হোসেন (৪৫)। আসামিদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানার চর বওলা গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহৃত ওই ছাত্রী আরিফুল ইসলামের পরিচালিত একটি মহিলা মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। আরিফুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ছাত্রীটি তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে শিক্ষক আরিফুল ইসলামকে এসব কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ছাত্রীর পরিবারকে উল্টো ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।

ছাত্রীর বাবা জানান, গত ১০ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার পথে তাঁর মেয়ে নিখোঁজ হয়। পরে তিনি জানতে পারেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত শিক্ষক আরিফুল ইসলাম তাঁর সহযোগীদের নিয়ে মেয়েটিকে অপহরণ করেছেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে মেয়ের কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অপহৃত ছাত্রীকে নিরাপদে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের জোর অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh