সব
স্বদেশ বিদেশ ডট কম

বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে একটি আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাপানের টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
বৈঠককালে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে তাঁর পূর্ববর্তী সাক্ষাতের স্মৃতিচারণ করেন। এ সময় বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা এবং জনস্বাস্থ্য খাতে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়ার দীর্ঘদিনের অবদানের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নৈশভোজের আলোচনা মূলত দেশের জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভ্যাকসিন উৎপাদনে সম্ভাব্য কারিগরি ও আর্থিক সহযোগিতার ওপর নিবদ্ধ ছিল।
এই বিশেষ আয়োজনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। জাপানের পক্ষে নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়াসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।