রক্ষণাবেক্ষণে তিন ঘণ্টা বন্ধ ছিল এনআইডির অনলাইন সেবা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের সার্ভার বন্ধ থাকায় বুধবার ঘণ্টা তিনেকের জন্য বিঘ্নিত হয়েছে এনআইডির অনলাইন সেবা।

কর্তৃপক্ষ বলছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য সার্ভার বন্ধ রাখা হয়েছিল। তবে এ বিষয়ে আগাম কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় সাইবার হামলার আশঙ্কায় ইতোমধ্যে দেশের কয়েকটি ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল।

এনআইডি সার্ভারে এ ধরনের কোনো জটিলতা হয়েছে কি না, জানতে চাইলে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিএইচপির ত্রুটির কারণে এনআইডির তথ্যভাণ্ডারে সাইবার হামলার কোনো ‘আশঙ্কা নেই’।

তিনি বলেন, “আমরা ইন্টারনাল সার্ভারভিত্তিক সেবা দিয়ে থাকি। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনলাইন সেবা বিঘ্নিত হয়। এ নিয়ে কারিগরি দল কাজ করছে। ইতোমধ্যে সার্ভার চালু হয়ে গেছে।”

এ নিয়ে ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ বলেও মন্তব্য করেন আশরাফ হোসেন।

পিএইচপির নিরাপত্তা ত্রুটির জেরে সাইবার হামলার ঝুঁকির কারণে তিন দিন বন্ধ থাকার পর রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh