সব
আন্তর্জাতিক ডেস্ক,

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় মার্কিন বাহিনী নতুন করে হামলা চালিয়েছে। সোমবার (২ নভেম্বর) সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনাকে মার্কিন প্রশাসন যখন কিছুটা কমিয়ে দেখানোর চেষ্টা করছে, ঠিক তখনই এই সামরিক পদক্ষেপের খবর সামনে এল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা জিতেছি। আপনারা এটাকে যুদ্ধ বলবেন কি না আমি জানি না, কারণ আমরা কয়েক মাস ধরে কোনো যুদ্ধ করছি না।’
তবে মার্কিন কর্মকর্তাদের সূত্র উল্লেখ করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকান বাহিনী ইরানি বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোট আকারের হামলা অব্যাহত রেখেছে। কিছু মার্কিন কর্মকর্তা এই অভিযানগুলোকে নিছক ‘প্রতিরক্ষামূলক’ হিসেবে বর্ণনা করেছেন।
তাঁদের দাবি, বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌপরিবহনে যেন ইরান কোনো হুমকি তৈরি করতে না পারে বা হামলার সক্ষমতা অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে ইরানি সংবাদ সংস্থাগুলো নিশ্চিত করেছে যে আজ ভোরের দিকে কেশম দ্বীপ এবং উপকূলীয় শহর বান্দর লেঙ্গেহসহ দক্ষিণ ইরানের বেশ কয়েকটি এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।