জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা

লন্ডন প্রতিনিধি,

  • প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ণ

‘জাসদের মশাল নিভে যায়নি, নিভবে না’

রাজবন্দিদের মুক্তি, মব-সন্ত্রাসের অবসান ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য জাসদ ও সর্ব ইউরোপীয় জাসদের যৌথ উদ্যোগে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের ব্রিক লেনের ক্যাফে গ্রিল রেস্তোরাঁর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘জাসদের মশাল নিভে যায়নি, নিভবে না।’ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ রাজনৈতিক সংগ্রাম গড়ে তুলতে হবে।

১৯৭২ সালের ৩১ অক্টোবর প্রতিষ্ঠিত জাসদের ৫৪ বছরের রাজনৈতিক সংগ্রাম, আত্মত্যাগ, অর্জন ও ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের অসাম্প্রদায়িক জাতীয় পরিচয়, গণতান্ত্রিক মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং জনগণের মৌলিক অধিকার বর্তমানে গভীর সংকটের মুখোমুখি।

সভা থেকে জাসদ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু, প্রবীণ রাজনীতিক আমীর হোসেন আমু, রাশেদ খান মেননসহ সব রাজবন্দির অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা, হয়রানিমূলক মামলা, নির্বিচার গ্রেপ্তার ও ভিন্নমত দমনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং এসবের অবসানের আহ্বান জানান বক্তারা।

তাঁরা দেশে মব-সন্ত্রাস, উচ্ছৃঙ্খল জনতার বিচারবহির্ভূত কর্মকাণ্ড, ভয়ভীতি ও বিচারহীনতার অবসান দাবি করেন। জনগণের জানমাল, সম্মান ও মর্যাদার নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং সব নাগরিকের সমান সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী যেকোনো বিদেশি চুক্তি বা সমঝোতা বাতিল করতে হবে। দেশের স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করা প্রয়োজন।

মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা, বাঙালির অসাম্প্রদায়িক জাতীয় পরিচয় ও বহুত্ববাদী সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতার সংগ্রাম ছিল না; এটি ছিল শোষণ, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে বাঙালি জাতির ঐতিহাসিক মুক্তির সংগ্রাম।

যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি মুজিবুল হক মনির সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক মনি।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন সর্ব ইউরোপীয় জাসদের সভাপতি মতিউর রহমান মতিন, যুক্তরাজ্য জাসদের সহসভাপতি আব্দুল হালিম চৌধুরী, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান, লন্ডন মহানগর জাসদের সাধারণ সম্পাদক সাবুল শামছুজ্জামান, যুক্তরাজ্য জাসদের শিক্ষাবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর, আওয়ামী লীগ নেতা আমিনুল হক জিলু, সাবেক ছাত্রনেতা নওশাদ নুরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা জাসদের দীর্ঘ ৫৪ বছরের রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধে সংগঠনটির প্রতিষ্ঠাতা নেতৃত্বের ভূমিকা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শ, সামাজিক ন্যায়বিচার, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে দলটির অবদান তুলে ধরেন।

বক্তারা বলেন, নানা প্রতিকূলতা, বিভাজন, নির্যাতন ও রাজনৈতিক সংকটের মধ্যেও জাসদের আদর্শ ও সংগ্রামী চেতনা অব্যাহত রয়েছে। তাঁদের ভাষায়, ‘জাসদের মশাল নিভে যায়নি, নিভবে না।’ মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, তরুণ প্রজন্ম এবং সর্বস্তরের জনগণের মধ্যে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।

তাঁরা আরও বলেন, ‘আমাদের লক্ষ্য প্রতিহিংসা নয়, ন্যায়বিচার; বিভাজন নয়, জাতীয় ঐক্য; সাম্প্রদায়িকতা নয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ; স্বৈরাচার নয়, জনগণের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা।’

মুক্তিযুদ্ধের চেতনা ও ১৯৭২ সালের সংবিধানের মৌলিক রাষ্ট্রীয় আদর্শের ভিত্তিতে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ পুনরুদ্ধারের লক্ষ্যে ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভা শেষে অতিথি, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদের অঙ্গীকার হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, রাজবন্দিদের মুক্তি, মব-সন্ত্রাস ও বিচারহীনতার বিরুদ্ধে অবস্থান এবং গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh