ধানমন্ডির বারে ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের তিন নেতা-কর্মী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কনকর্ড টাওয়ারের ‘কয়লা’ বারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরতে গিয়ে নিরাপত্তাকর্মীদের মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকের এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন নেতা গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ নেতা ও ম্যানেজারসহ ৮-৯ জনকে আটক করেছে।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, বুধবার রাতে ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার অভিযোগ পেয়ে তাঁকে আটক করেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। তাঁরা সুমনের মুঠোফোন পরীক্ষার চেষ্টা করলে একপর্যায়ে তিনি দৌড়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান। সেখানে ‘কয়লা’ বারের নিরাপত্তাকর্মীরা সুমনকে ছেড়ে দিতে বললে ছাত্রদলের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

কিছুক্ষণ পর সুমনকে ছাড়াতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা সেখানে উপস্থিত হন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকেও আটকের চেষ্টা করলে তিনি দ্রুত দৌড়ে কয়লা বারের ভেতরে গিয়ে আশ্রয় নেন।

ছাত্রলীগ নেতা রাজাকে ধরতে ছাত্রদলের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী বারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বারের নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের প্রধান ফটক বন্ধ করে দেন এবং ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন।

নিরাপত্তাকর্মীদের এই হামলায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব ও ছাত্রদল নেতা আকাশ গুরুতর আহত হন। মারধরে তাঁদের মাথা ফেটে যায়। আহতরা বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বারের ভেতর তল্লাশি চালিয়ে ছাত্রলীগ নেতা রাজা ও কর্মী সুমনকে আটক করা হয়। একই সঙ্গে বারের ম্যানেজার ও হামলায় জড়িত নিরাপত্তাকর্মীদেরও আটক করে পুলিশ।

ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতা ও বারের স্টাফসহ ৮-৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

অন্যদিকে, ঘটনার বিচার দাবিতে রাতে ছাত্রদলের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে রাখেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রদলের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হলে সে অনুযায়ী পরবর্তী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh