২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়িতে গুলি, প্রাণনাশের হুমকি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ

চাঁদা না পেয়ে চট্টগ্রামে এক বাড়িতে গুলি করার পর গৃহকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি করার ঘটনা ঘটে।

বাড়ির মালিকের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না পেয়ে তার বাড়িতে গুলি করা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাড়ির মালিক জাফর নামের এক ব্যক্তি। তিনি ভূমি বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত। তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা।

“রাতে সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে ভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং কারা এর সাথে জড়িত, তাদের চিহ্নিত করার কাজ করছি।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এদিকে রাতে ভবন মালিক জাফর বলেন, প্রায় ১০ মাস আগে রায়হান তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। তখন সবে ভারত থেকে স্ত্রীকে চিকিৎসা করিয়ে দেশে আসার কথা বললে রায়হান আর যোগাযোগ করেনি।

তিনি বলেন, “গত বুধবার তাকে পুনরায় ফোন করে চাঁদা চাওয়া হয়েছিল। এরপর রাতে ভবনের দ্বিতীয় তলায় জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যে কক্ষে গুলি করা হয়েছে, সেখানে কেউ থাকতেন না।”

ভবন মালিক জাফরের অভিযোগ, গুলির পর তাকে পুনরায় ফোন করা হয়। এ সময় তাকে ফোনে বলা হয়, “আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।”

বায়েজিদসহ নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও ভবন মালিকের কাছ থেকে বড় সাজ্জাদের হয়ে চাঁদা দাবি করে আসছে রায়হান ও ডেভিড ইমন। এর মধ্যে ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান এখন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে।

তবে রায়হান বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টে দাবি করেন, তার নাম ব্যবহার করে অনেকেই এ ধরনের কাজ করছেন।

সূত্র: বিডি নিউজ

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh