পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও আগুন, অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে একটি থাই গ্লাস ভাঙচুর করা হয়।

রোববার বিকালে মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের বারশো থেকে পনেরোশ মত নেতাকর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

“এতে ওই বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। পরে তারা ওই এলাকায় সুমনের একটি অফিসে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন।”

এছাড়া একই সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে ওসি তরিকুল জানিয়েছেন।

তিনি বলেন, “কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে সেগুলো বাইরে এনে আগুন দেওয়া হয়। এ সময় কার্যালয়ের বেড়ার টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।”

এ বিষয়ে সুমন তালুকদারের ছোট ভাই নাজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি শোভন তালুকদার বলেন, “আনুমানিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জনের একটি সংঘবদ্ধ দল মিছিল সহকারে এসে আমাদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

“তবে বাড়ির সীমানা প্রাচীর ও প্রধান ফটক অত্যন্ত মজবুত হওয়ায় হামলাকারীরা বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতে সক্ষম হয়নি। বাইরে থেকে ভাঙচুর করে আমরা যেই অফিসে বসে দলীয় কার্যক্রম পরিচালনা করি সেই অফিসটিতে ভাঙচুর চালায়।”

হামলাকারীরা প্রায় ছয় থেকে সাত লাখ টাকার মালামাল ভাঙচুর করেছে বলে দাবি করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, “তারা মালিখালি ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেনের কয়েকটি দোকানেও আগুন ধরিয়ে দেয়। এতে মোতালেব হোসেনের ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”

এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh