ফ্যাসিবাদ আমলে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা নতুন করে গড়তে হবে : প্রধানমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ

ফ্যাসিবাদ আমলে ধ্বংস হওয়া দেশের শিক্ষাব্যবস্থা নতুন করে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।

দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বাড়ানো সম্ভব হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন সরকারপ্রধান।

শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না মন্তব্য করে তারেক রহমান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে। তিনি এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ দেন।

উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের উদ্দেশ্য।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২ অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh