সব
আন্তর্জাতিক ডেস্ক,

যুদ্ধ ও কঠোর নিষেধাজ্ঞার জেরে ইতিহাসের ভয়াবহতম অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। দেশটির জাতীয় মুদ্রা রিয়ালের দরপতন অতীতের সব রেকর্ড ভেঙে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। শনিবার (২৮ নভেম্বর) ইরানের খোলাবাজারে এক মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৩০ লাখ রিয়াল বিনিময় হয়েছে। একই সঙ্গে গত এক বছরে দেশটিতে খাদ্যপণ্যের দাম ১১২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা এবং ক্রমবর্ধমান অবরোধের কারণে ইরানে মূল্যস্ফীতি লাগামহীন হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে মুদ্রাবাজারে। সঞ্চয়ের অর্থ নিরাপদ রাখতে সাধারণ ইরানিরা এখন রিয়াল ছেড়ে ডলার ও স্বর্ণ কিনতে ছুটছেন।
মুক্তবাজার ট্র্যাকিং ওয়েবসাইট ‘বোন-বাস্ট’-এর তথ্য অনুযায়ী, শনিবার এক মার্কিন ডলার ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে বিনিময় হয়েছে, যা আগের দিন শুক্রবার ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল। অন্যদিকে, মুদ্রাবাজার পর্যবেক্ষক সংস্থা ‘অ্যালানচেন্ড’ জানিয়েছে, শনিবার ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালের বিনিময়ে এক ডলার লেনদেন হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর আগে থেকেই ইরানের অর্থনীতি নাজুক অবস্থায় ছিল। যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। বিশেষ করে গত জুলাই মাস থেকে ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ দেশটির অর্থনীতিতে বড় আঘাত হেনেছে। সমুদ্রপথে পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
সমুদ্রপথের বিকল্প হিসেবে ইরান স্থলপথে পণ্য আনা-নেওয়ার চেষ্টা করলেও তা বন্ধে ইতিমধ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে ওয়াশিংটন। এর পাশাপাশি চলতি সপ্তাহে ইরানের ওপর নতুন করে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করা এবং দেশটির ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থা বন্ধ করে দেওয়া।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে দেশটিতে ভোক্তা পণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। এর মধ্যে সবচেয়ে বেশি চাপে ফেলেছে খাদ্য ও পানীয়ের বাজার যা গত এক বছরে ১১২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে ইরানি রিয়ালের দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে প্রতি ডলারের দাম ২০ লাখ রিয়ালের সীমা ছাড়িয়ে গিয়েছিল। আর গত জুলাইয়ে পশ্চিম এশিয়ার এই দেশটির বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৬৬ শতাংশ।