সব
স্বদেশ বিদেশ ডট কম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের বাসিন্দারা বর্তমানে চরম আতঙ্ক ও রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আগামী মাসে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান ও রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৮ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার জন্মস্থান ও রাজনৈতিক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে গত কিছুদিন ধরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে রোববার আওয়ামী লীগের সমর্থকদের পরিকল্পিত একটি বড় কর্মসূচিকে সামনে রেখে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছে শত শত নিরাপত্তা বাহিনীর সদস্য। গত কয়েক মাসে নেওয়া ধারাবাহিক কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থায় দক্ষিণাঞ্চলের এই জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাঁদের মূল্য দিতে হচ্ছে। টানা ১৫ বছর দেশ শাসনের পর ২০২৪ সালের আগস্টে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান তিনি।
দুই সন্তানের মা ৩৫ বছর বয়সী খাতুন (নিরাপত্তার কারণে নিজের পুরো নাম প্রকাশ করেননি) এএফপিকে বলেন, ‘গ্রামবাসী যেদিন থানায় আগুন দিয়েছিল, সেদিন থেকে আমি আমার ছেলেদের আর প্রাইভেট পড়তে পাঠাচ্ছি না।’ পুলিশের হাতে কিশোর ছেলেদের আটক হওয়ার ভয়ে দিনের বেশির ভাগ সময় বাড়িতেই কাটান তিনি।
খাতুন বলেন, ‘দেশের অন্য জায়গায় বসবাসকারী গোপালগঞ্জের মানুষও হয়রানির শিকার হচ্ছেন।’ ঝামেলা এড়াতে রাজধানী ঢাকায় কর্মরত তাঁর স্বামী সপ্তাহান্তে বাড়ি ফেরার পরিকল্পনাও বাদ দিয়েছেন। খাতুন আরও বলেন, ‘গণপরিবহনেও কঠোর নিরাপত্তা তল্লাশি চলছে। গোপালগঞ্জের কাউকে দেখলেই গণপিটুনির ঘটনা ঘটতে পারে। এমনকি আমার স্বামীর নিয়োগকর্তাও তাঁকে গোপালগঞ্জে যেতে দিতে চান না। কারণ মালিক আশঙ্কা করছেন, আমার স্বামী কোনো মিছিলে যোগ দিতে পারেন।’
কর্তৃপক্ষের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে অন্তত ৭২টি ঝটিকা মিছিল করেছেন এবং ১০০টির বেশি পেট্রলবোমা হামলা চালিয়েছেন। এসব ঘটনার পর সারা দেশে ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে।
সাম্প্রতিক সহিংসতায় গোপালগঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুটি থানা ও বেশ কয়েকটি ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যার জন্য শেখ হাসিনার সমর্থকদের দায়ী করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলায় মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং থানাগুলোও কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
আইনজীবী ও আওয়ামী লীগের সাবেক সদস্য জাবের আলম এএফপিকে বলেন, গোপালগঞ্জের বাসিন্দাদের শত্রু হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, ‘নির্বাচনের আগে শত শত মানুষকে কারাগারে পাঠানো হয়েছে। সাধারণ সমর্থকদের বিরুদ্ধেও এখনো মামলা দেওয়া হচ্ছে।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের রাজনীতিতে ফৌজদারি মামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার ঘটনা দীর্ঘদিনের। শেখ হাসিনার শাসনামলেও বিরোধী দলের রাজনীতিক ও কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছিল।
সাম্প্রতিক অস্থিরতার মধ্যে ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। জাবের আলমের ভাষ্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা মামলায় আটক ব্যক্তিদের মুক্তির ব্যবস্থা করতে না পারায় জিলানীর ওপর ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দারা। তিনি বলেন, ‘মিথ্যা মামলা থেকে তাঁদের মুক্ত করার প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি। এ কারণে ক্ষুব্ধ মানুষ তাঁর বাড়িতে হামলা চালিয়েছে।’
রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতায় জেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক জানিয়েছে, চলতি মাসে তাদের ১০০টির বেশি শাখা অগ্নিসংযোগের শিকার হয়েছে।
গোপালগঞ্জের একটি গ্রামীণ ব্যাংক শাখায় গিয়ে দেখা গেছে, ভবনের ভেতরে ছড়িয়ে রয়েছে ভাঙা কাচ, আগুনে পোড়া হিসাবের খাতা ও ভাঙা আসবাবপত্র। ব্যাংকটির নিরাপত্তাকর্মী জাকির বিশ্বাস এএফপিকে বলেন, হামলাকারীরা তাঁকে জানিয়েছিল, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়ার প্রতিশোধ নিতে তারা এ হামলা চালিয়েছে। জাকির বলেন, ‘তারা দ্রুত গ্রামীণ ব্যাংকের শাখায় এসে বলেছিল, এবার তাদের পালা গ্রামীণ ব্যাংক ধ্বংস করার।’
অন্যদিকে, শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে এএফপির সাংবাদিকেরা দেখেছেন, স্থানীয় বাসিন্দারা সেখানে পোস্টার লাগাচ্ছেন। পোস্টারে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে।’
সাম্প্রতিক সংঘর্ষে আহত নিরাপত্তা সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব ঘটনাকে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন।
তবে খাতুনের মতো সাধারণ বাসিন্দাদের কাছে সবচেয়ে বড় উদ্বেগ হলো, শেখ হাসিনার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে চলমান সংঘাতের মধ্যে তাঁদের সন্তানেরা নিরাপদে থাকতে পারবে কি না। খাতুনের প্রশ্ন, ‘আমরাও তো অন্য সবার মতো বাংলাদেশের নাগরিক। আমাদের কেন ভুগতে হবে?’