সব
স্বদেশ বিদেশ ডট কম

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট হওয়া অর্থে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে জনগণের টাকা লুটপাট করা হয়েছে। সেই অর্থ এখনো বিভিন্নভাবে বাংলাদেশে পাঠিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।’ এ সময় গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় বোমা তৈরির অভিযোগও তোলেন তিনি।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীতে সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
সমাবেশে শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার মতো জল্লাদের স্থান নেই। ১ হাজার ৪০০ মানুষকে আপনি হত্যা করেছেন। দিল্লির তাবেদারির জন্য তারা আপনাকে মদদ দেয়। বাংলাদেশকে দিল্লির দাস হতে দেওয়া হবে না।’
রিজভী আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। তার বিরুদ্ধে হওয়া রায় কার্যকরের জন্য বাংলাদেশ তার প্রত্যর্পণ চায় বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা মনে করছেন শেখ হাসিনা। তিনি নাকি বিনা বাধায় দেশে ফিরবেন। কিন্তু তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নেই। তাহলে কীভাবে দেশে ফিরবেন? তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’
যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, বিএনপির নেতা-কর্মীদের রক্তে দেশপ্রেম রয়েছে। প্রয়োজনে তারা আত্মত্যাগ করবেন, তবু দেশের স্বাধীনতা ও পতাকা অক্ষুণ্ন রাখবেন। বাংলাদেশকে অন্য দেশের অনুগত করে রাখতে চায়—এমন শক্তির সঙ্গে বিএনপির কোনো আপস নেই বলে জানান তিনি