সব
সিলেট অফিস,

সিলেট-জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ। প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ এ রুটে প্রথম যাত্রা করবে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, সিলেট থেকে জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু হওয়া আমাদের জন্য আনন্দের খবর। এতে যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। সেই সাথে পর্যটকদের জন্যও এটা একটি সুখবর।
এ বিষয়ে গতকাল রোববার (২৩ অক্টোবর) বিমান বাংলাদেশের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তাহের প্রতি সোমবার এই রুটে একটি করে ফ্লাইট চলবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, সোমবার বিমানের ফ্লাইট বিজি-২৩৫ ঢাকা থেকে বিকেল ৪টা ৫০ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকেল সাড়ে ৫টায়। পরে একই ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। তবে ফ্লাইটটি জেদ্দা পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে।
জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট আগামী মঙ্গলবার দিবাগত রাত স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে ছেড়ে এসে সিলেট মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে পৌঁছাবে বলে জানালেন স্টেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুস সত্তার। তিনি বলেন, এরপর ফ্লাইটটি সিলেট থেকে বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ২৫ মিনিটে।