রাষ্ট্রদূতকে ডাকা ‘তলব’ বলতে চাইছে না ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী দোষলেন রাষ্ট্রদূতকেই

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১২:১৭ অপরাহ্ণ

ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাইডেন প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা ডোনাল্ড লু। সেগুনবাগিচা এবং ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের তরফে বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল বলে দাবি করা হয়েছে। এটাকে ঠিক ‘তলব’ বলতে চাইছে না ঢাকা। ওয়াশিংটন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এটা নিশ্চিত করেছে যে, সেই বৈঠক বা আলোচনায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকার শাহীনবাগে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনাই ছিল মুখ্য আলোচ্য। বলতে গেলে ওই ইস্যুতেই দ্বিপক্ষীয় আলোচনা সীমাবদ্ধ ছিল।

সূত্র মতে, ১৫ ডিসেম্বর মধ্যাহ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যান বাংলাদেশ দূত মোহাম্মদ ইমরান। সঙ্গে ছিলেন দূতাবাসের একাধিক কর্মকর্তা। কিছুক্ষণ অপেক্ষার পর স্টেট ডিপার্টমেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ দূতের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বরাবরই তার ক্ষমতাচ্যুতির প্লট তৈরির জন্য স্টেট ডিপার্টমেন্টের পদস্থ কর্মকর্তা ডোনাল্ড লু’কে দায়ী করেন।

তবে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি এও মনে করেন, ৯ বছর আগে নিখোঁজ বিএনপি নেতার বাড়িতে পিটার হাসের যাওয়ার আগে তার এই সফরের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো উচিত ছিল।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (হাস) যে যাবেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা উচিত ছিল। খবর পেয়ে ওসি সিভিল পোশাকেই সেখানে চলে গেছেন। আমাদের কাছে যারা (কূটনীতিক) খবর পাঠান, তারা বের হওয়ার সময় নিরাপত্তা নিয়ে বের হন। তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে আমি মনে করি না।’
আসাদুজ্জামান কামাল বলেন, ‘রাষ্ট্রদূতের বিষয়টি নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এরপর আমার আর ব্যাখ্যার প্রয়োজন নেই। তবে যেহেতু আমার নির্বাচনি এলাকা, আমি সে এলাকার এমপি। আমি যতটুকু খবর পেয়েছি, সেখানে দেখা গেছে, রাষ্ট্রদূত যে বাড়িতে গেছেন তার পাশের বাড়ির কয়েকজন, তারা কীভাবে জেনেছে আমি জানি না।

‘তাদের কয়েকটি দাবি যেমন- জিয়ার আমলে তাদের নিরপরাধ পরিবারের কয়েকজন সদস্যকে হত্যা করেছেন, সে বিষয়ে তাদের দাবির প্ল্যাকার্ড তার (পিটার হাস) হাতে দিয়েছেন। এটুকু আমি শুনেছি।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh