রাজধানীতে আগুন দেয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দগ্ধ ১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ


রাজধানীর মেরাদিয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক।

রোববার সকাল ৯টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় অছিম পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। সবুজকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ সবুজ মিয়া ও তার স্বজনরা জানান, পরিবার নিয়ে তিনি থাকেন মেরুল বাড্ডা এলাকায়। রমজান পরিবহনের বাস চালক তিনি। সকালে বাসা থেকে বের হয়ে অছিম পরিবহনের বাসে করে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এক দুর্বৃত্ত বাসে উঠেই এর গেটের পাশে আগুন ধরিয়ে দেয়। তখন বাস থেকে নামতে গিয়ে সবুজের শরীরে আগুন ধরে যায়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে স্বজনরা তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে ভর্তি রাখা হয়েছে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh