ঢাবিতে গণত্রাণ কর্মসূচিতে মোট সংগ্রহ ১ কোটি ৪২ লাখ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ণ

দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো ‘গণত্রাণ’ কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নেমেছে ঢাবিতে। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে, ট্রাক, সিএনজি, রিক্সা বা হাতে করে অর্থ ও ত্রাণসামগ্রী নিয়ে আসেন অসংখ্য মানুষ।

শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাত পর্যন্ত নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ১৯৬ টাকা। এদিকে আজ শনিবার (২৪ আগস্ট) তৃতীয় দিনের মতো সকাল ৮টায় ত্রাণ কার্যক্রম শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যাক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসেন। অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত প্রাইভেট কারে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এসেছেন। তাছাড়া বিকেলে বিজিবির একটি কাভার্ড ভ্যান ভর্তি করে ত্রাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হয়।

বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহে দুই শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে বিরামহীনভাবে কাজ করতে দেখা যায়। মাঝেমধ্যে ত্রাণের বহর খালি করতে হিমশিম খাচ্ছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের এসব তদারকি করতে দেখা যায়।

দিনভর বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী আসায় টিএসসি ক্যাফেটেরিয়া ও গেমস রুম বিকেলেই পূর্ণ হয়ে যায়। পরবর্তীতে টিএসসির বারান্দায় ত্রাণ সামগ্রী স্তুপ করে রাখা শুরু হয়। টিএসসির বারান্দাতেও ত্রাণ সামগ্রী বিশাল স্তুপ লক্ষ্য করা যায়। স্বেচ্ছাসেবকরা মানব লাইন তৈরি করে টিএসসি গেট থেকে ভেতরে ত্রাণ পৌছে দিচ্ছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh