রঙিন আইসক্রিম বানিয়ে নিন ঘরেই

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২, ৯:২১ পূর্বাহ্ণ

স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকত আইসক্রিমের গাড়ি। লাল-হলুদ-কমলা-সবুজ রঙের বরফ আইসক্রিম কেনার জন্য পয়সা জমানো হত। বাড়ির বড়রা জানলেই চোখ রাঙাতেন। বলতেন, ও সব ভাল পানি দিয়ে তৈরি নয়। খেতে নেই। তবু এই আইসক্রিম ছিল সবচেয়ে প্রিয়। এ বার তেমন কাঠি আইসক্রিম বানিয়ে নিন নিজের বাড়িতেই। আরও স্বাস্থ্যকর ভাবে। ব্যবহার করুন কিছু ফলও।

কী ভাবে বানাবেন?

বাড়িতে কাঠি আইসক্রিম বানানোর সবচেয়ে ভাল উপায় হল তাজা ফল বা ফলের রস ব্যবহার করা। তাতে গরমে মজা যেমন হবে, তেমন শরীরে স্বাস্থ্যকর কিছু উপাদানও যাবে।

কাঠি আইসক্রিম বানানো কঠিন নয়। কমলালেবুর রস আর স্ট্রবেরি দিয়ে বানাতে পারেন, বানানো যায় পাতিলেবুর রস আর বেদানা দিয়ে, কখনও চেষ্টা করতে পাবেন কিউয়ির রস আর কিউয়ি কুচি দিয়েও।

যদি শুধুই ফল ভাল না লাগে, তবে দই আর ফল মিশিয়েও দেখতে পারেন। করতে পারেন গলানো চকোলেট দিয়েও।

কী করতে হবে?

এমন আইসক্রিম বানানো খুব সহজ। ফলের রস বা দই ঘেঁটে নিয়ে ছোট লম্বাটে পাত্রে ঢালুন। তার পর তাতে ফলের কুচি দিয়ে দিন। এ বার একটি আইসক্রিম স্টিক সেই পাত্রের মধ্যে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিন। ঘণ্টা দুয়েক রাখলেই জমে যাবে আইসক্রিম।

চকোলেট দিয়ে বানাতে চাইলেও কাজটি কঠিন নয়। চকোলেটের বার কিনে গরম করে গলিয়ে নিন। এ বার তার মধ্যে দিয়ে দিন বাদামকুচি, ফলের কুচি। লম্বাটে পাত্রে সবটা দিয়ে ফ্রিজে রেখে জমিয়ে নিন। চকোলেট দিয়ে তৈরি হবে কাঠি আইসক্রিম।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh