সব
স্বদেশ বিদেশ ডট কম

৪১৮ যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে একটি হজ ফ্লাইট।
শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ মদিনার উদ্দেশে রওনা দেয়। শাহ আমানত থেকে এটি প্রথম হজ ফ্লাইট। এই বিমানবন্দর থেকে এ বছর মোট ১৭ হজ ফ্লাইট পরিচালনা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিমান বন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় বিমানবন্দরে কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আল মামুন ফারুক বলেন, চট্টগ্রাম থেকে ৪১৮ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট শাহ আমানত ত্যাগ করেছে। বিকাল সাড়ে ৫টায় হজযাত্রী নিয়ে ফ্লাইটটি রওয়ানা দেয়। নির্ধারিত সময় রাত পৌনে ১০টায় মদিনায় পৌঁছাবে বলে আশা করছি।
বিমান বন্দরের সংশ্লিষ্টরা জানান, শাহ আমানত থেকে নিয়মিত হজ ফ্লাইট পরিচালনা হচ্ছে। ২০২৪ সালে চট্টগ্রাম থেকে ৮ হাজার হজযাত্রী সৌদি আরবে যায়। ২০২৩ সালে ১০ হাজার, ২০২২ সালে ১২ হাজার হজ যাত্রী যায় সৌদি আরবে।