রক্তাক্ত গণঅভ্যুত্থানের পরও দেশে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হয়নি : মিশিগানে জামায়াত আমীর

মিশিগান (যুক্তরাষ্ট্র) সংবাদদাতা,

  • প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে দুর্নীতি এখন ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। রক্তাক্ত গণঅভ্যুত্থানের পরও দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হয়নি। এমনকি মসজিদে ইমাম-মুয়াজ্জিন নিয়োগেও ঘুষ দিতে হয়। তিনি বলেন, “দেশ ও জাতির সেবা করার সুযোগ পেলে আমরা এই দুর্নীতির ক্যানসার সমূলে উৎপাটন করব। বাধা যত বড়ই হোক, ইনশাল্লাহ আমরা তা অতিক্রম করব।”

শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের Gates of Columbus হলে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মোতাহার আহমেদের সভাপতিত্বে এবং সিলেট মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডা. নকিবুর রহমান, সমাজসেবক ডা. খালেদুজ্জামান, আল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ আজম, অ্যাটর্নি রুহুল মোমেন ও বাংলাদেশি আমেরিকান ফোরামের সভাপতি সাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল বাসিত, দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন Renaissance Cultural Group–এর শিল্পীরা। এ সময় প্রবাসী নেতৃবৃন্দের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বক্তব্যে জামায়াত আমীর বলেন, শিক্ষাব্যবস্থা এখন ভঙ্গুর। সুযোগ পেলে আমরা এটিকে নতুনভাবে সাজাব—বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর, আধুনিক ও যুগোপযোগী করে তুলব। তিনি আরও বলেন, আমাদের দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয়। কেউ যেন বিভাজন সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিগত সরকারের আমলে জামায়াত নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথাও উল্লেখ করে তিনি বলেন, আমাদের ওপর অভিনবভাবে জুলুম চালানো হয়েছে। ১১ জন শীর্ষ নেতা শহীদ হয়েছেন, এক হাজার সহকর্মী খুন হয়েছেন, অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে। তবু আমরা প্রতিশোধের রাজনীতি করিনি, শান্তি ও শৃঙ্খলার আহ্বান জানিয়েছি।

নির্বাচনে দল জয়ী হলে পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, আমরা দুর্নীতি দূর করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। দেশের বেকার সমস্যার সমাধানে যুগোপযোগী শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের ভোট চাই না, দোয়া চাই। আমরা সেবা ও ন্যায়বিচারের অঙ্গীকারে অটল থাকব—ক্ষমতায় যাই বা না যাই।

সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে মিশিগানের প্রবাসী কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়ে। কয়েকদিন ধরে চলা প্রস্তুতি ও প্রচারণার পর ওই দিনে আড়াই থেকে তিন হাজার প্রবাসী বাংলাদেশি অংশ নেন বলে আয়োজকরা জানান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh