‘সম্পর্কের গল্প’ নিয়ে আসছেন মোস্তফা কামাল রাজ

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ

‘সম্পর্কের গল্প’ শিরোনামে নতুন ইউটিউব সিনমা নিয়ে দর্শকের সামনে আসছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজু। এ ছাড়া নতুন করে যুক্ত হয়েছেন দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত।

নির্মাতা মোস্তফা কামাল রাজ গত প্রায় এক বছর ধরে ‘গল্প’ সিরিজের নাটক নির্মাণ করে আসছেন। এর আগে তার নির্মিত ‘তোমাদের গল্প’ নাটকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় তিনি নির্মাণ করেন ‘এটা আমাদেরই গল্প’ সিরিজ। নতুন ইউটিউব সিনেমা ‘সম্পর্কের গল্প’-এর ট্যাগলাইন নির্ধারণ করা হয়েছে— ‘যে বন্ধন হারায় না’।

নতুন কাজটি নিয়ে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ গণমাধ্যমকে বলেন, “যে ইউনিট নিয়ে ‘তোমাদের গল্প’ বানিয়েছি, ‘সম্পর্কের গল্প’তেও প্রায় একই ইউনিট কাজ করেছে। অভিনয়শিল্পী, গল্পকার, চিত্রগ্রাহকসহ আমরা আবারও একত্রিত হয়েছি। আমাদের আশা, এবারের কাজটিও দেখলে দর্শকরা নিজেদের খুঁজে পাবেন।”

নাটকটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সিদ্দিক আহমেদ। এর আগেও ‘তোমাদের গল্প’ নাটকটি তারই লেখা ছিল। ‘সম্পর্কের গল্প’ নাটকে একটি নতুন গান যুক্ত করা হয়েছে। গানটির সুর ও সংগীত করেছেন এবং কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন খেয়া। গানটির কথা লিখেছেন তারিক তুহিন।

আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে নাটকটি মুক্তি পাবে বলে নির্মাতা পক্ষ জানিয়েছে। পারিবারিক সম্পর্ক, আবেগ ও বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করবে বলে আশা সংশ্লিষ্টদের।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh