সব
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি ইতালি,

স্বাধীনতার মহান আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ইতালিতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা। অনুষ্ঠানে স্বাধীনতা আন্দোলনে ছাত্রসমাজের ঐতিহাসিক অবদান এবং জাতির পিতার নেতৃত্বে সংগঠিত গণআন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়।
রাজধানী রোমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাবেক সিনিয়র সহ সভাপতি অনিক হাওলাদার এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নাঈম মাতুব্বর এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনাম, বিশেষ অতিথি ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি হাবিব চৌধুরী, কালাম খোকন, সাংগঠনিক সম্পাদক জলিল মিয়া সহ ইতালি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেন এবং জাতির সংকটকালে সবসময় ধরে আজও রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামকে বেগবান করেছেন। একইসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরা হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ—প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান এর আদর্শ ধারণ করে প্রবাসেও সংগঠনের কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।