কুয়েতের মরুভূমিতে বাংলাদেশির মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ

কুয়েতের মরুভূমিতে উট দেখভাল করতে গিয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে দেশটির সলোনি মরুভূমিতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিবারের দাবি, মরুভূমিতে থাকা একটি ‘মাইন বিস্ফোরণে’ এ মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মো. জাহেদ (৩৫)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার মো. কামাল উদ্দিনের ছেলে।

নিহত ব্যক্তির সহকর্মীদের বরাত দিয়ে পরিবার জানায়, কুয়েতের যে এলাকায় জাহেদের মৃত্যু হয়েছে, সেই এলাকায় অনেক অবিস্ফোরিত স্থলমাইন রয়েছে। সেখানে জাহেদ বুধবার বিকেলে উট চরাতে গিয়েছিলেন। তবে ওই দিন আর তিনি ফিরে আসেননি। পরে সহকর্মীরা খোঁজাখুঁজি করে ওই এলাকায় গিয়ে তাঁর ক্ষতবিক্ষত লাশ দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করে জাহেদের বাবা কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি দ্রুত আমার ছেলের লাশ দেশে ফেরত চাই। সরকার যেন আমাদের এ ব্যবস্থাটি করে দেয়, এই দাবি জানাই। আমি আমার ছেলেকে দেখতে চাই।

জানতে চাইলে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা গণমাধ্যমকে বলেন, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছেন। জাহেদের পরিবার চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এর আগে গত সোমবার উপসাগরীয় দ্বীপরাষ্ট্র বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের আবুল মহসিন তারেক নামে এক প্রবাসীর মৃত্যু হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh