হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজন গ্রেপ্তার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ

রাজধানীর পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে কলকাতার বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময় এ তথ্য জানিয়েছে।

তথ্যমতে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তদন্ত সংশ্লিষ্টদের মতে, হামলাকারীদের মধ্যে একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে সহায়তার জন্য অন্তর্বর্তী সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার পেছনে কোনো ধরনের অর্থায়ন ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত চলাকালে সম্ভাব্য অর্থ স্থানান্তর বা গোপন করার ঝুঁকি ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়।

হাদিকে গুলি করার ঘটনার তদন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অব্যাহত রেখেছে। পাশাপাশি আর্থিক গোয়েন্দা সংস্থাও মামলার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য আর্থিক লেনদেন ও যোগসূত্র পরীক্ষা করছে।

এর আগে এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে মামলার বাদী ১৫ জানুয়ারি ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে আদালত সেদিন মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন। তবে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ইতোমধ্যে ছয়বার পিছিয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh