ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ৬:১১ অপরাহ্ণ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন বলে তার বাহিনী নিশ্চিত করেছে।

সোমবার সকালের দিকে ‘আমেরিকান-জায়নবাদী শত্রুদের করা সন্ত্রাসী হামলায়’ তিনি নিহত হন, আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ কথা বলেছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফারস, তাসনিম।

বিবৃতিতে আইআরজিসি প্রায় পাঁচ দশক ধরে ইরান ও ইসলামি বিপ্লবের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবিচল আস্থা রাখায় খাদেমির ভূয়সী প্রশংসা করে।

হামলার বিস্তারিত এবং কোথায় হামলা হয়েছে, তা জানা যায়নি।

তাসনিম লিখেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জায়নবাদী শাসকরা বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযানে নেমে তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার এবং হাজারের বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

তাদের লাগাতার হামলায় হাজার হাজার বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

এসবের পাল্টায় ইরানের সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান এবং উপসাগরের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়ে জবাব দিচ্ছে, বলেছে তারা।

এক মাসেরও বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আয়াতুল্লাহ আলি খামেনি ছাড়াও আলি লারিজানি, আলি শামখানি, মোহাম্মদ পাকপৌর, আজিজ নাসিরজাদেহসহ ইরানের প্রভাবশালী রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh